জাকারিয়া তুষার: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ উপলক্ষে বর্ণাঢ্য ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আজম।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শহীদুল আজম শিক্ষকদের সমাজের চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন। শিক্ষকদের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, “শিক্ষকরাই সমাজের ভিত্তি। আদর্শ সমাজ ও আলোকিত জাতি গড়ে তোলার মূল দায়িত্ব শিক্ষকদের কাঁধেই ন্যস্ত। তাই কেবল পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার দৌড়ে না থেকে, শিক্ষার্থীদের হৃদয়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্থান করে নেওয়াই একজন শিক্ষকের জীবনের সবচেয়ে বড় অর্জন।”
তিনি শিক্ষকদের আরও নিষ্ঠা, সততা ও ভালোবাসার সঙ্গে শিশুদের শিক্ষাদানের আহ্বান জানিয়ে বলেন, “ছোট ছোট শিশুদের অক্ষরজ্ঞান ও পড়াশোনা শেখানো অত্যন্ত কঠিন ও দায়িত্বশীল একটি কাজ। আজকের শিশুরাই আগামী দিনের দেশ ও সমাজের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে।”
মোহনগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহজাহান আলম খানের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক তাজুল ইসলাম ও সৈয়দ ইউসুফ আলীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হান ও স্নিগ্ধা চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার শিক্ষক সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষা বিভাগের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষা কর্মকর্তা আবুল হোসেনের দীর্ঘ ও বর্নাঢ্য কর্মজীবনের ওপর আলোকপাত করে তার সততা, দক্ষতা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা জানান, একজন দক্ষ শিক্ষা প্রশাসক হিসেবে তিনি সবসময় শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন।
জানা যায়, আবুল হোসেন ১৯৯৬ সালের ১৬ অক্টোবর নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ ২০১৪ সালে তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদে পদোন্নতি লাভ করেন। চাকরি জীবনের শেষ কর্মস্থল হিসেবে ২০২৩ সালের ৩ সেপ্টেম্বর তিনি মোহনগঞ্জ উপজেলায় যোগদান করেন এবং ২০ জুলাই ২০২৬ তারিখে বর্ণাঢ্য কর্মজীবন শেষে সরকারি চাকরি থেকে আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী অতিথি আবুল হোসেনকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক, ফুলেল শুভেচ্ছা ও নানা উপহার প্রদান করা হয়। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত সকলেই বিদায়ী সুযোগ্য শিক্ষা কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন।


