আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাহকদের আধুনিক, সহজ ও নিরাপদ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রংপুরের তারাগঞ্জে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেছে পূবালী ব্যাংক পিএলসি। মঙ্গলবার (২৩ জুন) সকালে তারাগঞ্জ হাটের রয় মার্কেটের সম্মুখে পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপশাখার আয়োজনে এই ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন বুথের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি তারাগঞ্জ হাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থান প্রদক্ষিণ করে। এরপর আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে ৩ দিনব্যাপী এই ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে এক বিশেষ সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ক্যাশলেস সোসাইটি গঠন ও ডিজিটাল লেনদেনের নানাবিধ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পূবালী ব্যাংক পিএলসি তারাগঞ্জ উপশাখা ব্যবস্থাপক নীল কমল রায়ের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক আরিফ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রিন্সিপাল অফিসার হুমায়ন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য ব্যাংক শাখার ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপকবৃন্দ, এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, পেশাজীবী এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তা প্রমুখ।
অনুষ্ঠানে তারাগঞ্জ উপশাখা ব্যবস্থাপক নীল কমল রায় বলেন, “তারাগঞ্জের সর্বস্তরের গ্রাহকদের আধুনিক ব্যাংকিংয়ের সাথে পরিচয় করিয়ে দিতেই আমাদের এই আয়োজন। ক্যাশলেস লেনদেন অত্যন্ত নিরাপদ ও সময় সাশ্রয়ী। এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ‘বাংলা কিউআর’ (Bangla QR) ও ডিজিটাল পেমেন্টে অভ্যস্ত করে তোলা। পকেটে নগদ টাকা না রেখেও যে নিশ্চিন্তে কেনাকাটা ও ব্যবসা পরিচালনা করা যায়, আমরা সেই সুবিধাই গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি।”
রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবির বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম প্রধান ভিত্তি হলো ক্যাশলেস ইকোনমি। পূবালী ব্যাংক সবসময়ই গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা ও আধুনিক সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারাগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় এই ক্যাশলেস ক্যাম্পেইন স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও স্বচ্ছ করবে বলে আমার বিশ্বাস।”
প্রধান অতিথির বক্তব্যে রংপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক আরিফ মাহমুদ বলেন, “বাংলাদেশ ব্যাংক নির্দেশিত ‘ক্যাশলেস বাংলাদেশ’ গঠনের অংশ হিসেবে পূবালী ব্যাংক কাজ করে যাচ্ছে। আমরা চাই প্রান্তিক ব্যবসায়ী থেকে শুরু করে বড় উদ্যোক্তা সবাই যেন ডিজিটাল পেমেন্টের আওতায় আসেন।
‘বাংলা কিউআর’ এর মাধ্যমে লেনদেন করলে জাল টাকা বা চুরির ঝুঁকি থাকে না এবং হিসাব রাখাও সহজ হয়। আশা করি, স্থানীয় ব্যবসায়ীরা এই নিরাপদ ডিজিটাল সেবা গ্রহণ করে তাদের ব্যবসার পরিধি আরও বাড়াতে পারবেন।” ৩ দিনব্যাপী এই ক্যাম্পেইন আগামী ২৬ জুন পর্যন্ত চলবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।


