জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একই দিনে দুটি পৃথক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উপজেলার বালিজুড়ী ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, জোড়খালী ইউনিয়নে তীব্র গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বালি বেগম (৬৫) নামে এক বৃদ্ধার প্রাণহানি ঘটেছে।
বুধবার (০৩ মে) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় মৃত্যুর ঘটনাগুলো ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার স্বপন শেখের চার বছরের কন্যাসন্তান হুমায়রা বুধবার বেলা ১২টার দিকে ঘরের ভেতর খাটে বসে মোবাইল ফোন দেখছিল। ওই সময় তার বাবা-মা এবং দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধান কাটার কাজে ব্যস্ত ছিলেন।
একপর্যায়ে হুমায়রা খাট থেকে নিচে নামার সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। শিশুটির কান্নাকাটি শুনে মাঠ থেকে তার দাদা কামাল শেখ বাড়িতে ছুটে আসেন। তখন হুমায়রা তার দাদাকে জানায় যে, বড় সাপ তাকে কামড়ে দিয়েছে।
সাপে কাটার পর স্বজনেরা প্রথমে হাসপাতালে না নিয়ে শিশুটির পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক ওঝা বা কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে ওঝার ঝাড়ফুঁকের কারণে বেশ কিছু সময় অপচয় হয়। পরে শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তাকে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হুমায়রাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন দুপুর ১টার দিকে উপজেলার জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকায় তীব্র গরমে হিটস্ট্রোক করে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বালি বেগম ওই এলাকার মৃত ইমান আলী প্রামাণিকের স্ত্রী।
স্বজনরা জানান, বুধবার দুপুরে প্রচণ্ড রোদের মধ্যে বাড়ির পাশে জমিতে ধানের খড় গোছানোর কাজ করছিলেন বালি বেগম। এ সময় তীব্র গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান জানান, শিশু ও বৃদ্ধা দুজনকেই হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছিল।
তিনি বলেন, “শিশুটিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়। মূলত সাপে কাটার পর ওঝার কাছে নিয়ে সময় নষ্ট করার কারণে শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। আর প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বালি বেগম নামে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে আমরা উভয়কেই মৃত ঘোষণা করি।”
একই দিনে সাপের কামড়ে নিষ্পাপ শিশু এবং তীব্র গরমে বৃদ্ধার এমন আকস্মিক মৃত্যুতে পুরো মাদারগঞ্জ উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা গরমে অতিরিক্ত সতর্কতা অবলম্বন এবং সাপে কাটা রোগীকে ওঝার কাছে না নিয়ে সরাসরি হাসপাতালে আনার পরামর্শ দিয়েছেন।


