নিজস্ব প্রতিবেদক: সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩১১ বোতল বিদেশী মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২২ এপ্রিল) ভোরে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া এলাকা থেকে ভারতীয় এসব মদ উদ্ধার করা হয়।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (বুধবার) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। নেত্রকোনা ব্যাটালিয়নের মুন্সিপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) আট সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযানে অংশ নেয়।
টহল দলটি বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৩৯/৮-এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের কড়ইগড়া নামক স্থানে অবস্থান নেয়। এ সময় সেখান থেকে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ৩১১ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি। তবে অভিযানের সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ৩১১ বোতল ভারতীয় মদ নিয়ম অনুযায়ী নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
