নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় মো. আব্দুল আজিজ (৭০) নামে এক বৃদ্ধকে হাতেনাতে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হরিয়াতলা গ্রামে অভিযান পরিচালিত হয়। দণ্ডিত আব্দুল আজিজ হরিয়াতলা গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।
নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে বারহাট্টা থানাধীন হরিয়াতলা গ্রামে ওই আসামির বসতঘরের পেছনে অভিযান পরিচালনা করে ডিএনসির একটি দল। এ সময় মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আব্দুল আজিজকে হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বারহাট্টার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তিনি আসামিকে দোষী সাব্যস্ত করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।
ইতোমধ্যে কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
