জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বাহাদুরাবাদ সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে মেডিসিন, সার্জারি এবং যৌন সমস্যা সংক্রান্ত নানা জটিলতায় ভোগা রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি আগত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষাও করা হয়। ক্যাম্পে রোগীদের নিরলসভাবে চিকিৎসাসেবা ও পরামর্শ প্রদান করেন স্বনামধন্য চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলাম (শিমুল)।
মহতী এই উদ্যোগের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিলেন জামালপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট রোকনুজ্জামান। প্রান্তিক মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তার এ উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পরিকল্পনা সম্পর্কে অ্যাডভোকেট রোকনুজ্জামান জানান, এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখন থেকে প্রতি মাসে দুইবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মানবিক কার্যক্রমকে আরও সুদূরপ্রসারী করতে ইতোমধ্যে ‘মারিয়াম ইসলাম হসপিটাল’ এর সাথে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, এই ক্যাম্পে অংশগ্রহণকারী রোগীদের উক্ত হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবে।
আয়োজকদের দেওয়া তথ্যমতে, শনিবারের এই ক্যাম্প থেকে মোট ৩২০ জন রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। অর্থাভাবে যারা উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছিলেন, বাড়ির কাছে এমন বিনামূল্যে চিকিৎসকের সেবা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। সেবাগ্রহীতা গ্রামের সাধারণ ও রোগাক্রান্ত মানুষেরা এমন মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
