নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর ও ভৈরব এলাকায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)। এসব অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে অপহৃত এক মাদ্রাসাছাত্রীকে (১৬) উদ্ধার করার পাশাপাশি ছয় মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার মাদ্রাসা পড়ুয়া কিশোরী ছাত্রীকে (১৬) মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেওয়াসহ বিভিন্নভাবে উত্ত্যক্ত করত জেলার রাহাদ মিয়া (২১) নামের বখাটে যুবক। বিষয়টি ভিকটিমের বাবা জানতে পেরে অভিযুক্ত রাহাদের পরিবারকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৮ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ভিকটিম প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে রাহাদ ও তার সহযোগীরা মাইক্রোবাসে করে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে পিটিশন মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (শনিবার) দিবাগত রাত ২টা ১০ মিনিটের দিকে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল কিশোরগঞ্জের বাজিতপুর থানার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত ওই মাদ্রাসাছাত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় র্যাব।
আরেক অভিযানে, একই রাতে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের অপর একটি আভিযানিক দল কিশোরগঞ্জের ভৈরব থানার কালিকাপ্রসাদ এলাকায় অভিযান চালায়। আজ (রবিবার) ভোর রাত ৩টা ২০ মিনিটে পরিচালিত এ অভিযানে নগর আলী (৩৯) নামের এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নগর আলী কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মৃত আব্দুল খালেকের ছেলে।
র্যাব জানায়, ২০১০ সালের ভৈরব থানার একটি মামলায় দণ্ডবিধির ৩২৩ ধারায় আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র্যাব-১৪ এর মিডিয়া অফিসার জানান, উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া গ্রেপ্তারকৃত ওয়ারেন্টভুক্ত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
