নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি এবং দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪)।
সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসারের (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরআগে এদিন দুপুরের দিকে কিশোরগঞ্জ সদর থানার পশ্চিম তারাপাশা ও গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় অভিযান দুটি পরিচালনা করে র্যাবের সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর আভিযানিক দল।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে সদর থানার পশ্চিম তারাপাশা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। এ সময় মাদক বিক্রিরত অবস্থায় মো. আলাদিন (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব। পরে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা। আলাদিনের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।
এর কিছুক্ষণ পর দুপুর আড়াইটার দিকে একই ক্যাম্পের অপর একটি আভিযানিক দল সদর থানার গাইটাল বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় অভিযানটি চালায়। সেখান থেকে শামীম ভূঁইয়া (৩৭) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম কিশোরগঞ্জ সদর থানার গাইটাল এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।
র্যাব জানায়, শামীম ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ সদর থানায় দায়ের করা একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এবং ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেফতারকৃত উভয় আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে কিশোরগঞ্জ মডেল (সদর) থানায় হস্তান্তর করা হয়েছে।
