উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
“প্রতি মাসে ৮ হাজার গাছ, প্রতি ইউনিয়নে অন্তত ৭০০টি। এভাবেই সবুজে ঘেরা ঈশ্বরগঞ্জ গড়তে চাই।” এমন প্রত্যয় ব্যক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। তাঁর সেই ঘোষণার ধারাবাহিকতায় আজ উপজেলা প্রশাসনকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ৬ নং মাইজবাগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কুমড়া শাসন গ্রামের সড়কের পাশে গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “আপনাদের অগাধ পরিশ্রম ও ত্যাগের ফলেই আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায়। এখন আমাদের দায়িত্ব দেশ ও পরিবেশ রক্ষায় কাজ করা।
প্রতি মাসে ৮ হাজার গাছ লাগাতে হবে, প্রতি ইউনিয়নে কমপক্ষে ৭০০টি। যে ইউনিয়ন এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করবে, তাদের দলের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রমাণিত হবে।” তিনি আরও উল্লেখ করেন, এটি দেশনায়ক তারেক রহমান-এর অঙ্গীকার বাস্তবায়নের অংশ। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ আবহ গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে এমপি বলেন, “বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বাড়ায় না, এটি আমাদের জীবন ও জীবিকার সুরক্ষা দেয়। প্রতিটি ইউনিয়নে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হবে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও এ কর্মসূচিতে সম্পৃক্ত করা হবে।”
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত হয় এবং কর্মসূচি দীর্ঘমেয়াদে সফল হয়। এ উদ্যোগের মাধ্যমে ঈশ্বরগঞ্জে একটি সবুজ ও পরিবেশবান্ধব পরিবেশ গড়ে উঠবে।
