নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় স্থানীয় রাজনীতিতে এক বড় ধরনের মেরুকরণ ঘটেছে। বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি সংগঠনের এক ঝাঁক শীর্ষস্থানীয় আলেম আনুষ্ঠানিকভাবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এ যোগদান করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নেত্রকোনা পৌরশহরের নাগড়া এলাকায় যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান।
এদিন জমিয়তে যোগদানকারী আলেমদের মধ্যে রয়েছেন- হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন, তিনি বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলার সিনিয়র সহ-সভাপতি এবং ইত্তেফাকুল উলামা বৃহত্তম মোমেনশাহীর জেলা সাধারণ সম্পাদকসহ একাধিক গুরুত্বপূর্ণ সংগঠনের শীর্ষ পদে আসীন।
এছাড়াও প্রবীণ রাজনীতিবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনা জেলার অন্যতম সহ-সভাপতি হাফেজ হাবিবুর রহমান, সদর উপজেলা মজলিস নেতা মাওলানা রুহুল আমিন, ইসলামী আন্দোলন নেতা হাফেজ মাওলানা রফিকুল ইসলাম রফিকী, খেলাফত মজলিসের জেলা সদস্য হাফেজ সাদিকুর রহমান।
যোগদান প্রসঙ্গে জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান জানান, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত প্রয়োজন বলে দাবি করেন।
তিনি বলেন, “জমিয়তে উলামায়ে ইসলাম একটি প্রাচীন ও ঐতিহাসিকভাবে সমৃদ্ধ সংগঠন। মাওলানা দেলোয়ার হোসেনের মতো বিজ্ঞ আলেমদের আগমনে নেত্রকোনায় জমিয়তের সাংগঠনিক শক্তি ও কার্যক্রম আরও গতিশীল হবে।”
অনুষ্ঠানে জেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মো. ইউনুস, সহ-সভাপতি আবুল কাসেম, হাফেজ ইলিয়াস হোসাইন, আবদুল হাদী ফরাজী এবং জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মোফাজ্জল হোসাইন ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিলসহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
যোগদান শেষে উপস্থিত নেতৃবৃন্দ দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করেন এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
