জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এনসিপি নির্বাচিত হলে শাপলা চত্বরের হত্যাকান্ড থেকে শুরু করে হাদি পর্যন্ত সকল হত্যাকান্ডের বিচার করা হবে।
এগারোটি দলের প্রার্থী ও মার্কাকে বিজয়ী করতে একসাথে চেষ্টা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করতে হবে।’
শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড়ে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত নির্বাচনী পথসভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন। এদিন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে দলটির প্রার্থী খন্দকার আনোয়ার হোসেনকে বসিয়ে দিয়ে এনসিপি প্রার্থী এড. আব্দুল্লাহ আল আমিনকে সমর্থন দেয়া হয়।
আসিফ মাহমুদ বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারি আমাদের ভাগ্য পরিবর্তন হবে। সেটা ভালোর জন্য না খারাপের জন্য সেটা আপনাদের নির্ধারণ করতে হবে। সারা বাংলাদেশে এগারোটি দলের প্রায় এক হাজার প্রার্থীকে আমাদের এক করতে হয়েছে। যারা গত এক বছর ধরে মানুষের জন্য কাজ করেছেন।’
এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, নারায়ণগঞ্জ- ৪ আসনের এনসিপি প্রার্থী আব্দুল্লাহ আল আমিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বক্তব্য রাখেন।
