গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যৌথবাহীনির অভিযানে দেশীয় অস্ত্রসহ এক বিএনপি নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী । বৃহস্পতিবার ( ৩০ জানুয়ারি) রাতে ফুলছড়ি উপজেলার বালাশীঘাট এলাকার রসুলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তি হলেন মিলন মিয়া (৪৪)।
তিনি কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তাঁর পিতা মৃত মেছের উদ্দিন সরকার। তাঁর বাড়ি কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ রসুলপুর গ্রামে বলে জানায় পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা মিলন মিয়ার নিজ বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁকে আটক করা হয় এবং তাঁর হেফাজত থেকে ৪টি রাম দা, একটি চাইনিজ কুড়াল ও একটি বড় ছুরি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সহিংসতা, ভয়ভীতি ও নাশকতা ঠেকাতে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে যৌথ বাহিনী নিয়মিত তল্লাশি ও অভিযান পরিচালনা করছে। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, যৌথঅভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো ইতোমধ্যে জব্দ করা হয়েছে। আটককৃত মিলনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
