দেশের তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করা, মেয়েদের শিক্ষায় উৎসাহ বাড়ানো এবং ঝরে পড়ার হার কমানোর লক্ষ্য নিয়ে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা নিজেই চালিয়ে পরীক্ষা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এ বাইসাইকেলগুলো পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের জন্য আনা কয়েক ধরনের বাইসাইকেলের নমুনা সামনে উপস্থাপন করা হলে প্রধানমন্ত্রী সেগুলোর ব্যবহারিক দিক ও উপযোগিতা যাচাই করেন। একপর্যায়ে তিনি নিজেই বাইসাইকেল চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা এ তথ্য জানান। তিনি বলেন, তিন লাখ ছাত্রীর মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়েছিল। সেগুলোর মান ও ব্যবহারিক সুবিধা সম্পর্কে ধারণা নিতেই প্রধানমন্ত্রী নিজে চালিয়ে দেখেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ২০ হাজার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এসব বাইসাইকেল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ছাত্রীরা এ সুবিধা পাবে। সব মিলিয়ে তিন লাখ মেধাবী ছাত্রীকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, দেশের অনেক শিক্ষার্থীকে বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে দূরত্ব ও পরিবহনসংক্রান্ত সমস্যার মুখোমুখি হতে হয়। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে বাইসাইকেল বিতরণের উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াত সহজ করার পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে।
শিক্ষার্থীদের শিক্ষাজীবনে উৎসাহ দেওয়া এবং মেধার স্বীকৃতি হিসেবে এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকারের এ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী ছাত্রীরা সরাসরি উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।
বাইসাইকেল পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে মেয়েদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানো এবং বিদ্যালয়মুখী করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


