ঝালকাঠি প্রতিনিধি।।
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে। দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসকের পদ শূন্য। রয়েছে ওষুধ, পানি ও শৌচাগারের সংকট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিনয়কাঠি বাজারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সভায় স্থানীয় নাগরিকেরা এসব সমস্যা ও অভিযোগ তুলে ধরেন।
টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিনয়কাঠি এসিজির সদস্য আবুল কালাম আজাদ।
সভায় সেবাগ্রহীতারা জানান, উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে স্বাভাবিক প্রসবের ব্যবস্থা ও প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও পানির অভাবে সেই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে সাধারণ চিকিৎসা ও সামান্য কাটাছেঁড়ার জন্যও গ্রামের দরিদ্র মানুষকে জেলা সদর হাসপাতাল কিংবা শহরের বেসরকারি ক্লিনিকে যেতে হচ্ছে। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটিতে কী কী সেবা দেওয়া হয় এবং কী পরিমাণ ওষুধ সরবরাহ রয়েছে, তার কোনো দৃশ্যমান তালিকা নেই। স্বাভাবিক প্রসবের ব্যবস্থা থাকার বিষয়টিও অনেকের অজানা। পর্যাপ্ত ওষুধ না থাকায় রোগীদের বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সুপ্রিয়া হালদার বলেন, ‘অনেক আগে এখানে একজন এমবিবিএস চিকিৎসক সেবা দিতেন। এখন চিকিৎসকরা গ্রামাঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রে আসতে চান না। এখানে টিউবওয়েল বা পানির কোনো ব্যবস্থা নেই। ভবন জরাজীর্ণ, শৌচাগারের অবস্থাও খারাপ।’
তপন মিস্ত্রি অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশি পরিমাণে ওষুধ নিয়ে গেলে দরিদ্র রোগীরা প্রয়োজনীয় ওষুধ থেকে বঞ্চিত হন। ওষুধ বিতরণে সমতা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের যথাসময়ে কর্মস্থলে উপস্থিতি ও প্রস্থান নিশ্চিত করার দাবি জানান তিনি।
সভাপতি আবুল কালাম আজাদ বলেন, এসব সমস্যা আগেও বিভিন্ন আলোচনায় উঠে এসেছে। সমস্যা সমাধানে গত ৩ নভেম্বর সনাকের পক্ষ থেকে ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীরের সঙ্গে আবারও আলোচনা করা হয়েছে। তিনি দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে সেই আশ্বাস যেন কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না থাকে, দ্রুত কার্যকর পদক্ষেপ দেখতে চান তাঁরা।
সভা শেষে চিহ্নিত সমস্যাগুলোর সমাধানের অগ্রগতি নিয়ে উপ-স্বাস্থ্যকেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপ-স্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ফাতিমা তুজ যোহরা বলেন, কেন্দ্রটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের ছাদ, দেয়াল, মেঝে, দরজা-জানালা এবং বিদ্যুৎ ও পানির ব্যবস্থার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত। বিশেষ করে বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের ভোগান্তি বাড়ে। অবকাঠামোগত সমস্যার কারণে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা দেওয়া ব্যাহত হচ্ছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা সচল রাখা এবং রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য গত ১৪ মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করা হয়েছে। এ ছাড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়কেও মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় ব্যবসায়ী, চাকরিজীবী, জনপ্রতিনিধি, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইয়েস ও এসিজির সদস্য এবং টিআইবির কর্মীরা অংশ নেন।


