তামজিদ হোসেন মজুমদার,ববি: ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি কীর্তনখোলা নদী ও খয়রাবাদ নদীর মোহনায় তীরে প্রতিষ্ঠিত হয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি)। প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের ৩৩তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে অবদান রেখে চলেছে দক্ষিণবঙ্গের এই লাল ইটের বিদ্যাপীঠটি।
এছাড়াও বিশ্ববিদ্যালয়টির ভিতরে বয়ে গিয়েছে কর্ণকাঠী লেক (ববি লেক)। ক্যাম্পাসটি একদিকে দুই নদীর তীরে অবস্থিত, আর অন্যদিকে তার ভিতরে বয়ে যাওয়া খাল যা ক্যাম্পাসটিকে শীতল ও মনোরম পরিবেশ তৈরি করে। ক্যাম্পাসের সবচেয়ে বড়ো আকর্ষণ এর নৈসর্গিক পরিবেশ। একদিকে নদীর শীতল হাওয়া, অন্যদিকে সবুজ গাছপালায় ঘেরাও লাল ইটের ভবনগুলোর চারপাশে শরতের কাশফুল মিলিয়ে তৈরি হয়েছে এক প্রাকৃতিক সৌন্দর্যের অভয়ারণ্য।
কীর্তনখোলা নদী এই নদীর সাথে ববি শিক্ষার্থীদের হাজারো স্মৃতি জড়িয়ে আছে। ভার্সিটির ক্লাস, ল্যাব, সিটি (ক্লাস টেস্ট), পিটি (প্রেজেন্টেশন), অ্যাসাইনমেন্ট, মিডটার্ম ও সেমিস্টারের ক্লান্তিগুলো দূর করতে বন্ধুদের সাথে পড়ন্ত বিকালে আড্ডায় মেতে ওঠে এই নদীর তীরে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনেক সৌভাগ্যবান। তারা যেমন নদী থেকে এক বুক প্রশান্তি নিয়ে ভার্সিটিতে যায়, তেমনি ভার্সিটির সকল ব্যস্ততা কাটিয়ে ক্লান্তিগুলো নদীর স্রোতের সাথে মিশিয়ে আবার বাসায় ফিরে যায়।
খয়রাবাদ নদী বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ দিকে এই নদীটি, যার তীরে রয়েছে এক সুন্দর গ্রাম বাংলার পরিবেশ। শিক্ষার্থীরা প্রায় এই নদীর তীরের গ্রামগুলোতে ঘুরতে যায়। এই তীরের মানুষদের রয়েছে খেজুর রস, আম, কাঁঠাল, কলা, তরমুজ ও গাছপালা ঘেরাও গ্রামের সুন্দর মনোরম পরিবেশ। পড়ন্ত বিকালে শিক্ষার্থীর গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে ঘুরে বেড়ায়।
ববি লেক কীর্তনখোলা নদীর শাখা হচ্ছে কর্ণকাঠী লেক, যা শিক্ষার্থীদের কাছে ববি লেক হিসেবে পরিচিত। কীর্তনখোলা নদীর জোয়ার ভাটার সঙ্গে এই লেকের পানি ও আন্দোলিত হয়। ববি ক্যাম্পাসের ভিতরে একমাত্র প্রবহমান লেক, যার উপরে রয়েছে একটি ব্রিজও, যেটি শিক্ষার্থীদের কাছে লন্ডন ব্রিজ নামে পরিচিত। এ খালের পাড়ে রয়েছে তালতলি, যেখানে সিনিয়র-জুনিয়রদের আড্ডা হরহামেশাই দেখা যায়।
এই খালের পাশে রয়েছে মেয়েদের দুটি হল ও উপাচার্যের বাসভবন। প্রবাহিত এই খালটি যেন বিশ্ববিদ্যালয়ের ব্যস্ত জীবনের চালিকা শক্তিকে ইঙ্গিত করে। তবে বর্তমানে পরিচর্যার অভাবে খালটি অবহেলিত রয়েছে। সঙ্গে নষ্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক সৌন্দর্য। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আসাদ বলেন,”যেকোনো ক্যাম্পাসের পরিবেশ কতোটা উন্নত, তা বোঝা যায়, প্রসাশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা দেখে। আমাদের প্রসাশন অনেকটাই দায়িত্বজ্ঞানহীন। তা না হলে, কীর্তনখোলা নদীর শাখা নদী, ক্যাম্পাসের ভিতর দিয়ে বয়ে চলার পরেও, তার সৌন্দর্য রক্ষার বিন্দু পরিমান ভ্রুক্ষেপ নেই প্রসাশনের, সৌন্দর্য বর্ধন তো দূরের কথা। শিক্ষক, শিক্ষার্থী আর প্রসাশনের উচিত সচেতন হয়ে, ক্যাম্পাসের পরিবেশ, প্রকৃতির ব্যাপারে আরো দায়িত্বশীল হওয়া।”
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন,”দু’নদীর মাঝে আমাদের বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত। এটি খুব চমৎকার, এমন ভৌগোলিক অবস্থান পৃথিবীর অন্য বিশ্ববিদ্যালয়ে আছে কিনা আমার জানা নেই। যেটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ও গৌরবের। আমরা গ্রীষ্মকালে প্রায় নদীতে গোসল করি ও খেলাধুলা করে বন্ধুদের সাথে নদীর পাড়ে যাই গোসল করতে। এবং বিকালে বন্ধুদের সাথে তীরে বসে আড্ডা দেয়।”
তিনি আরো বলেন,”ববি লেক, আমার কাছে একটি প্রিয় স্থান। প্রায় বন্ধু, সিনিয়র-জুনিয়রদের সাথে যাওয়া হয়। এই লেকে জোয়ার ভাটা হয়, প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধনে এই লেকটিকে বিবেচনায় আনতে পারে।” বরিশালকে বলা হয় “দক্ষিণবঙ্গের ভেনিস” এবং নদী-খাল-বিলের এই জনপদের সংস্কৃতির ছাপ ববির প্রতিটি কোণে স্পষ্ট। এই বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং স্বপ্ন দেখার ও স্বপ্ন পূরণের এক অনন্য ঠিকানা। দুই নদীর স্রোতের মতোই এর যাত্রা অব্যাহত থাকুক, আর এখান থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা আলো ছড়িয়ে দিক দেশ ও দেশের বাইরে, এটাই সবার প্রত্যাশা।


