বৃহস্পতিবার, নভেম্বর ৫

গাইবান্ধা প্রতিনিধি:

চুরি করতে গিয়ে রংপুরের পীরগঞ্জে স্থানীয় জনতার হাতে হাতেনাতে আটক হয়েছেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার এক বর্তমান ইউপি সদস্য। মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।​ আটককৃত মো. রঞ্জু মিয়া (৪৫) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৭ নম্বর ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর (কাঁঠাল লক্ষ্মীপুর) গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে।

তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল বলে জানা গেছে।​ স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে পীরগঞ্জের শানেরহাট ইউনিয়নের ঘোষপুর এলাকার রংপুর-হাইওয়ে বিশমাইল সড়কের পূর্ব পাশের একটি বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন রঞ্জু মিয়া।

এ সময় বাড়ির বারান্দায় চার্জে থাকা একটি অটোরিকশার কাছে সন্দেহজনকভাবে এক অপরিচিত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখেন বাড়ির মালিকপক্ষের সদস্য ও পেশায় ভ্যানচালক আশরাফুল ইসলাম।​ আশরাফুল ইসলাম চিৎকার শুরু করলে ওই ব্যক্তি দ্রুত পালানোর চেষ্টা করেন। তবে পালানোর সময় বাড়ির আঙিনায় জালের সঙ্গে জড়িয়ে তিনি মাটিতে পড়ে যান। মুহূর্তের মধ্যে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে হাতেনাতে আটক করেন।

​ ঘটনার সত্যতা নিশ্চিত করে ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেন, “রঞ্জু মিয়ার বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির মামলা রয়েছে। তার এসব অপকর্মের কারণে পুরো ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ইতিপূর্বেও একবার চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।”​

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রঞ্জু মিয়ার বিরুদ্ধে অতীতেও গরু ও বিভিন্ন বাড়িতে চুরির সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলা রয়েছে। এলাকাবাসী তাকে ভালো পথে ফিরিয়ে আনার বিশ্বাস থেকে ভোট দিয়ে জন প্রতিনিধি নির্বাচিত করেছিলেন। কিন্তু বারবার একই অপরাধে জড়িয়ে পড়ার কারণে পুরো এলাকায় তীব্র নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version