গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের দায়ে নাজমুল হুদা নামের এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাঘাটা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া ইউনিয়নের ওসমানপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনের বিষয়টি প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অভিযুক্ত নাজমুল হুদাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামের দিকনির্দেশনায় এবং ডিএনসিসির সাব-ইন্সপেক্টর জাকির হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন। অভিযানের বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, সাঘাটা উপজেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।




