মঙ্গলবার, অক্টোবর ২৭

নিজস্ব প্রতিবেদক: সীমান্তের ওপার থেকে কখনো গোধূলির আলোয় গবাদিপশু, কখনো ভরদুপুরে মৌসুমি সবজি, আবার কখনো রাতের আঁধারে মাদকের চালান- চোরাকারবারিদের এমন নানা কৌশল রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোনার সীমান্তবর্তী এলাকাগুলোতে টানা অভিযান চালিয়ে একদিনেই পাঁচ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় গরু, মদ, টমেটো ও কম্বল জব্দ করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা পৌনে ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব অভিযানের তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। এরআগে, গত সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত সীমান্তের চারটি পৃথক পয়েন্টে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

সীমান্তের চোরাই পথ দিয়ে গবাদিপশু ও কাঁচামাল পাচারের চেষ্টা নতুন নয়। গত সোমবার বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামছিল (আনুমানিক বিকেল ৫টা ৫০ মিনিট), ঠিক তখনই গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে লেংগুড়া বিওপির (বর্ডার আউটপোস্ট) টহল দল। সীমান্ত পিলার ১১৬৯/২-এস থেকে আনুমানিক পঞ্চাশ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু আটক করেন বিজিবি সদস্যরা। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকা।

এর আগে একই দিন বেলা ৩টার দিকে বারমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬৪/৪-এস হতে আনুমানিক পাঁচশো গজ দেশের অভ্যন্তরে লক্ষীপুর এলাকায় আরেকটি অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় সাতশো কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়, যার সিজার মূল্য ধরা হয়েছে এক লাখ পাঁচ হাজার টাকা।

চোরাচালানের পাশাপাশি সীমান্তে মাদকের অনুপ্রবেশ ঠেকাতেও সমান তৎপর ছিল বিজিবি। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চারুয়াপাড়া বিওপির একটি টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের ভেতরে গোবরচনা নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের মূল্য ৩৬ হাজার টাকা।

অন্যদিকে, সোমবার দিনের শুরুতে অর্থাৎ সকাল ১০টার দিকে মহেষখোলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৮ এমপি থেকে তিনশো গজ ভেতরে বান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার টাকা মূল্যের দুই পিস ভারতীয় কম্বল জব্দ করে। প্রতিটি অভিযানেই বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে পচনশীল পণ্য হওয়ায় সাতশো কেজি ভারতীয় টমেটো নেত্রকোনা কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে তাৎক্ষণিকভাবে নিলাম করা হয়েছে। আটককৃত পাঁটি ভারতীয় গরুও কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলামের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া জব্দকৃত কম্বল নেত্রকোনা কাস্টমস অফিসে এবং ২৪ বোতল ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version