বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪

আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

উৎসবমুখর পরিবেশ ও হাজারো দর্শকের তুমুল করতালির মধ্য দিয়ে রংপুরে সমাপ্ত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। ফাইনালে শক্তিশালী কোতোয়ালী সদর থানা দলকে ৩৮-৪০ পয়েন্টের হাড্ডাহাড্ডি ব্যবধানে হারিয়ে অনূর্ধ্ব-২০ যুব কাবাডির অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারাগঞ্জ থানা দল।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী তারাগঞ্জ থানা দল ও রানার্সআপ কোতোয়ালী সদর থানা দলের হাতে ট্রফি তুলে দেন রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোজাম্মেল হক।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে গত ২০ সেপ্টেম্বর রংপুর জেলা পুলিশের আয়োজনে ৮টি থানা দলের অংশগ্রহণে ২ দিনব্যাপী এ টুর্নামেন্টের শুভ সূচনা হয়। টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স বজায় রাখে তারাগঞ্জ থানা কাবাডি টিম। প্রথম রাউন্ডে গঙ্গাচড়া থানা দলকে বিপুল ব্যবধানে হারিয়ে তারা সেমিফাইনালে প্রবেশ করে।

আজ দুপুরে প্রথম সেমিফাইনালে পীরগঞ্জ থানা দলকে পরাজিত করে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। বিকেলে অনুষ্ঠিত ফাইনালে কোতোয়ালী সদর থানা দলের মুখোমুখি হয়ে এক নাটকীয় ও তুমুল প্রতিযোগিতাপূর্ণ ম্যাচে ৩৮-৪০ পয়েন্টে জয় ছিনিয়ে নেয় তারাগঞ্জ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।

তরুণ প্রজন্মকে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।” তিনি আরও বলেন, “পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক বিশ্বাস, সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে রংপুর জেলা পুলিশ এ ধরনের সামাজিক ও ক্রীড়া উদ্যোগ অব্যাহত রাখবে।”

এ সময় তিনি ঘোষণা দেন, এই টুর্নামেন্টের সেরা ও চৌকস খেলোয়াড়দের সমন্বয়ে রংপুর জেলা পুলিশের পক্ষে একটি শক্তিশালী দল গঠন করা হবে, যারা আগামীতে জাতীয় পর্যায়ের কাবাডি টুর্নামেন্টে রংপুর জেলা পুলিশের প্রতিনিধিত্ব করবে। টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করে বেসরকারি প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস’। সমাপনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কাস্টমার সার্ভিস ম্যানেজার রেজওয়ান রনি উপস্থিত ছিলেন।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ) মোঃ মুকুল হোসেন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আবু রায়হানসহ বিভিন্ন থানার ইনচার্জ ও জেলা পুলিশের পুলিশ সদস্যবৃন্দ। এছাড়াও খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার অভিজ্ঞ রেফারি ও জুরি বোর্ডের সদস্যরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version