গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ টাকাসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বুধবার (২৩ সেপ্টেম্বর) জেলার পলাশবাড়ী পৌরসভার বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে খাজা আল মামুন (৪৭) এবং একই গ্রামের সুরুজ জামালের ছেলে মো. সজিব (২৪)। এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাশবাড়ীর বগুড়া-রংপুরগামী মহাসড়কের পশ্চিম লেনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ‘জিএস লাইন’ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী খাজা আল মামুন ও সজিবের দেহ তল্লাশি করে তাদের প্যান্টের পকেটে কৌশলে রাখা দুটি নীল রঙের এয়ারটাইট পলি প্যাকেট উদ্ধার করা হয়।
পরবর্তীতে প্যাকেট দুটি থেকে ১ হাজার ২৯২ পিস ইয়াবা ও নগদ ১ লাখ টাকা জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও টাকা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।




