কেন্দুয়া প্রতিনিধি: ঋতু পরিক্রমায় শরৎকে বরণ করে নিতে এবং সাহিত্যপ্রেমীদের মিলনমেলা মুখরিত করতে নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ‘চর্চা সাহিত্য আড্ডা’র ৫১৯তম সাপ্তাহিক সাহিত্য আসর। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে ‘শরৎ বন্দনা’ শিরোনামে এ প্রাণবন্ত আয়োজন সম্পন্ন হয়।
চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী ও প্রাবন্ধিক রহমান জীবনের সঞ্চালনায় আসরে মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ভূঁইয়া বুলবুল।
অনুষ্ঠানের শুরুতে শরতের প্রকৃতি, আবহমান বাংলার লোকসংস্কৃতি এবং সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন আমন্ত্রিত অতিথি ও গুণীজনেরা। আলোচকদের মধ্যে বক্তব্য রাখেন চর্চা সাহিত্য আড্ডার উপদেষ্টা মির্জা রফিকুল হাসান, বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও পালা নাট্যকার রাখাল বিশ্বাস, কেন্দুয়া রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি, লেখক ও সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সাবেক সভাপতি কবি আবুল কাশেম আকন্দ, আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া একাডেমির সিনিয়র শিক্ষক অনুকুল চন্দ্র সরকার, মাওলানা মোহাম্মদ বদরুল ইসলাম এবং মেনু ভূইয়া।
বক্তারা বলেন, শরৎ ঋতু বাংলার প্রকৃতিকে এক অনন্য সুষমায় রূপায়িত করে। শিউলি ফুলের ঘ্রাণ, নীল আকাশ আর সাদা মেঘের ভেলা কবি-সাহিত্যিকদের মনকে বরাবরই নাড়া দিয়েছে। আবহমান সংস্কৃতি ও প্রকৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সাহিত্য চর্চার এমন নিয়মিত আসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আলোচনা পর্বের পর শুরু হয় মনজ্ঞ কবিতা পাঠ ও সাংস্কৃতিক পর্ব। আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি রাখাল বিশ্বাস, ভূঁইয়া বুলবুল, মোহাম্মদ আশরাফ উদ্দিন ভূইয়া, রহমান জীবন ও শেখ মোহাম্মদ মিজানুর রহমান। তাদের পঠিত কবিতায় শরতের রূপ, গ্রামীণ জীবন ও মানবীয় অনুভূতির নানা পঙক্তিমালা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।
পরে প্রখ্যাত বাউল শিল্পী হৃদয় হাসানের সুরেলা কণ্ঠে পরিবেশিত লোকগান ও বাউল গান পুরো আড্ডায় ভিন্ন মাত্রার আবেশ তৈরি করে। গান ও কবিতার মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো আসর প্রাঙ্গণ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কবি জহিরুল হক খানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, কবি, লেখক এবং সাহিত্য ও সংস্কৃতিকর্মীবৃন্দ।
শরতের স্নিগ্ধতা, মননশীল আলোচনা, কবিতা পাঠ আর সুরের মূর্ছনায় এক আবেশঘন পরিবেশে সমাপ্তি ঘটে চর্চা সাহিত্য আড্ডার নিয়মিত ও ঐতিহ্যবাহী আয়োজনের।



