নিজস্ব প্রতিবেদক: “আমরা গড়বো, যুক্তিতে লড়বো, সত্যে-জ্ঞানে-তত্ত্বে নিজেকে, দেশকে সমৃদ্ধ করবো” এবং “যুক্তির আলোয় আমরা তরুণ, সত্যের সন্ধানে মুক্ত অরুন্ধ” শ্লোগানকে ধারণ করে নেত্রকোনা সরকারি কলেজে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হলো ‘বিতর্ক উৎসব ২০২৬’।
সোমবার (৭ সেপ্টেম্বর) কলেজের মাল্টিমিডিয়া কনফারেন্স রুমে অনুষ্ঠিত আন্তঃবিভাগীয় ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
কলেজের ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত জ্ঞানভিত্তিক উৎসবটি ছিল ১৬ দিন বা পক্ষকালব্যাপী দীর্ঘ আয়োজন। কলেজের ১৪টি বিভাগের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের যুক্তিতর্কের ধার শাণিত করে।
সমাপনী দিনে ফাইনাল বিতর্কের প্রস্তাবনা নির্ধারণ করা হয়েছিল- ‘কঠোর আইন নয় বরং সামাজিক সচেতনতাই অপরাধমুক্ত সমাজ গঠনের একমাত্র চাবিকাঠি’। মঞ্চে বিতার্কিকদের চমৎকার উপস্থাপনা, যুক্তি খণ্ডন ও পাল্টা যুক্তিতে পুরো কনফারেন্স রুম প্রাণবন্ত হয়ে ওঠে।

বর্ণিল ফুলে সজ্জিত মঞ্চে অনুষ্ঠিত ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খানের সভাপতিত্বে এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মুখলেছুর রহমান আকন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের যুক্তিবাদী মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য কলেজ প্রশাসন ও ডিবেটিং ক্লাবকে সাধুবাদ জানান।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল বিতর্ক শেষে বিচারকমণ্ডলীর রায়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগকে চ্যাম্পিয়ন এবং ইংরেজি বিভাগকে রানারআপ ঘোষণা করা হয়। পরে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং ডিবেটিং ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


