নিজস্ব প্রতিবেদক: পুলিশ সদস্যদের ড্রেসরুলস, পেশাদারিত্ব ও সার্বিক শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনা পুলিশ লাইনস্ প্যারেড গ্রাউন্ডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এই প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এ সময় তার সাথে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আজকের সুশৃঙ্খল এই মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সাহিদুর রহমান।
পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম হেঁটে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের পরিদর্শন করেন। পুলিশ সুপার সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যদের ড্রেসরুলস এবং সার্বিক ফিটনেস অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। পুরুষ ও নারী পুলিশ সদস্যগণ অত্যন্ত পরিপাটি ইউনিফর্মে সুশৃঙ্খলভাবে প্যারেডে অংশগ্রহণ করেন, যা জেলা পুলিশের উচ্চমানের পেশাদারিত্বের প্রমাণ বহন করে।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়নসহ সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে পুলিশ সদস্যদের সঠিক ড্রেসরুলস মেনে চলা, চেইন অব কমান্ড বজায় রাখা এবং জনগণের সেবায় নিজেদের সর্বোচ্চ আত্মনিয়োগ করার আহ্বান জানান। এছাড়াও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রতিটি সদস্যকে আরও সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বক্তব্য শেষে পুলিশ সুপার কুচকাওয়াজে অংশগ্রহণকারী সকল পুলিশ সদস্যের শারীরিক সক্ষমতা ও শৃঙ্খলার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান। তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আনুষ্ঠানিকভবে মাস্টার প্যারেডের সমাপ্তি ঘোষণা করেন।
এই মাস্টার প্যারেডে নেত্রকোনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।


