জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। উপজেলাটিতে মাদকবিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (১৬ আগস্ট) উপজেলার ব্যাপারীপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জামালপুর কার্যালয়ের উদ্যোগে বিশেষ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- জেলার মেলান্দহ উপজেলার দুরমুঠ এলাকার আব্দুল মজিদের ছেলে আদর আলী (৩২), ইসলামপুর উপজেলার উত্তর দরিয়াবাদ এলাকার মৃত শাহ ফকিরের ছেলে মো. রিপন শাহ (১৯) এবং একই উপজেলার মৃত হাজী মো. রমজান আলীর ছেলে মোহাম্মদ এনামুল হক (৩৭)।
পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে, সাক্ষ্য-প্রমাণ ও অপরাধের মাত্রা বিবেচনায় ইউএনও শাহ মোহাম্মদ জুবায়ের তাদের সাজা প্রদান করেন। এর মধ্যে দুইজনকে ছয় মাস করে এবং অপর একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জামালপুরের ইন্সপেক্টর বিদ্যুৎ বিহারী নাথসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ। স্থানীয়রা জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত রাখা অত্যন্ত জরুরি। এর ফলে যুবসমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। পাশাপাশি, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরণের উদ্যোগের সাথে সর্বস্তরের জনসাধারণকে সচেতন হয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তারা। সাজাপ্রাপ্ত আসামিদের ইতিমধ্যেই কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।



