নিজস্ব প্রতিবেদক: মাদকের অপব্যবহার রোধ, দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেত্রকোনার বিভিন্ন স্থানে পৃথক ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে জেলা প্রশাসন। রবিবার (১৬ আগস্ট) দিনব্যাপী এবং এর আগের দিন গভীর রাতে পরিচালিত এসব অভিযানে অবৈধ ৩৭টি চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করার পাশাপাশি মাদক সেবনের অপরাধে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রবিবার বেলা আড়াইটার দিকে নেত্রকোনা সদরের রাজুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এ সময় নদী ও জলাশয়ের জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর ৩৭টি নিষিদ্ধ ‌‘চায়না দুয়ারী জাল’ জব্দ করা হয় এবং জনসম্মুখে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অবৈধ এই জাল ব্যবহারের দায়ে ঘটনাস্থলে একজনকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জব্দকৃত ও ধ্বংস করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় এক লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে, রবিবার বিকেল ৫টার দিকে দুর্গাপুর পৌরসভা এলাকায় অপর একটি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় সুয়েল (২২) নামের এক যুবককে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে সে নিজের দোষ স্বীকার করলে একই আইনের আওতায় তাকেও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশো টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া, জেলার দুর্গাপুর উপজেলায় মাদকবিরোধী জোরালো অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তার নেতৃত্বে ১৫ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মেনকিফান্দা বাজার এলাকায় আকস্মিক অভিযান পরিচালিত হয়। এ সময় পাঁচটি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবনরত অবস্থায় তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করলে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা করে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোনা জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে নিষিদ্ধ জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। জনস্বার্থে এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version