জামালপুর প্রতিনিধি: জামালপুরে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকালে জামালপুর জেলা প্রশাসকের (কালেক্টরেট) সম্মেলন কক্ষে চেক ও অর্থ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশব্যাপী এই অর্থ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশব্যাপী এক লাখ তিন হাজার ৫৯৬ জন বেসরকারি শিক্ষক ও কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অবসর সুবিধা ও কল্যাণ ভাতা বাবদ দুই হাজার একশো কোটি টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। সরকারের বিপুল বরাদ্দের অংশ হিসেবে জামালপুর জেলার ৪৫৯ জন অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীর মাঝে সাত কোটি ৫৫ লক্ষ ৪৯ হাজার ৬১৮ টাকা বিতরণ করা হয়। দীর্ঘদিনের প্রতীক্ষিত অর্থ হাতে পেয়ে শিক্ষক ও কর্মচারীদের মাঝে ব্যাপক স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।
জামালপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জামালপুর জেলার পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এবং অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসান। এছাড়াও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং সুবিধাভোগী শিক্ষক-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এরআগে, অর্থ বিতরণ অনুষ্ঠানের প্রারম্ভে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রীর সুস্থতা, দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়। দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে শিক্ষক ও কর্মচারীদের হাতে ভাতার অর্থ তুলে দেওয়া হয়।



