নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ এলাকায় পাকা সড়ক ও ব্রিজের সংযোগস্থলে সৃষ্টি হয়েছে ভয়াবহ মরণফাঁদ। দীর্ঘদিন ধরে ব্রিজের নিরাপত্তা প্রাচীর ও সড়কের পাশের অংশ ভেঙে পড়ে থাকলেও সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারী ও যানবাহনের চালকরা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) যথাযথ তদারকির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

দ্রুত সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা করছেন তারা। সরেজমিনে দেখা যায়, ব্রিজের সংযোগ সড়কের পাশের মাটি ও গাইডওয়াল ধসে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজের পিলারের কংক্রিটের অংশও ভেঙে পড়েছে। ঝুঁকিপূর্ণ অংশে নেই কোনো সতর্কতামূলক সাইনবোর্ড, ব্যারিকেড বা নিরাপত্তাবেষ্টনী। ফলে রাতের বেলায় এ পথ দিয়ে চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজ ও সড়কের এই অংশটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। প্রতিদিন এ সড়ক দিয়ে বিপুলসংখ্যক মানুষ, ছোট-বড় যানবাহন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা যাতায়াত করেন। বিশেষ করে রাতে দ্রুতগতির যানবাহন চলাচলের সময় দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। তাদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত স্থায়ীভাবে সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি। সামান্য অসতর্কতায় কোনো যানবাহন গর্তে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে আগেই ঝুঁকিপূর্ণ অংশটি দ্রুত সংস্কার করতে হবে। পাশাপাশি ব্রিজ ও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে কালীগঞ্জের এই সড়ক ও ব্রিজের সংযোগস্থলটি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version