জামালপুর প্রতিনিধি: জামালপুর ৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ এবং কসমেটিকস পণ্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত এসব অবৈধ পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ ৩৬ হাজার টাকা। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির (বর্ডার অবজারবেশন পোষ্ট) একটি টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্তের ১০৭৭ নম্বর পিলারের নিকটবর্তী এলাকায় পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৫৬ বোতল ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হন বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে দুই লাখ ৩৪ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের চালান ফেলে পালিয়ে যায়।

এর আগে বুধবার দিবাগত রাতে দাঁতভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় অপর একটি সফল অভিযান পরিচালনা করেন। দাঁতভাঙ্গা বিওপির আওতাধীন সীমান্তবর্তী ছটাকরাইবাড়ি এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধপথে আনা ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত এসব প্রসাধন সামগ্রীর আনুমানিক মূল্য চার লাখ দুই হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এসব অভিযানের বিষয়ে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত ভারতীয় মদ ও অবৈধ কসমেটিকস পণ্যের ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্তে চোরাচালান রোধে বিজিবির কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “সীমান্তে আমাদের নিয়মিত টহলের পাশাপাশি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছি। মাদকমুক্ত সুস্থ ও সুন্দর বাংলাদেশ গঠনে ৩৫ বিজিবির সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

সীমান্ত সুরক্ষার পাশাপাশি এ ধরনের অবৈধ চোরাচালান বন্ধে বিজিবির এই জোরালো ভূমিকা স্থানীয় জনমনে স্বস্তি তৈরি করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version