তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চৌধুরী বাজারে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির সময় অভিযান পরিচালনা করে একজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৯শে জুলাই) রাত প্রায় ৯টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বিক্রেতা জামাল মিয়া (৪০), পিতা: মৃত ঈমান আলী, কুলাউড়া পৌরসভার বাসিন্দাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রের বরাতে জানা যায়, সরকারি নির্দেশনা অমান্য করে সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রি করার দায়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় জামাল মিয়াকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানকালে সরকারি ট্যাগযুক্ত ২৪ বস্তা বীজ জব্দ করা হয়। জব্দকৃত বীজ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কাছে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রাথমিক তদন্তে জানা যায়, আটক বিক্রেতা স্থানীয় বীজ ডিলার মো. নিজাম মিয়া পরিচালিত নিজাম ট্রেডার্স থেকে এসব বীজ সংগ্রহ করেছেন।

বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট ডিলারের গুদাম পরিদর্শন এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস বলেন, “সরকারি ভর্তুকিপ্রাপ্ত কৃষকের বা সরকারি ট্যাগযুক্ত কৃষি উপকরণ কোনোভাবেই অবৈধভাবে খোলা বাজারে বিক্রি করা যাবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version