রুহুল আমিন,ডিমলা(নীলফামারী):
যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী করে গড়ে তোলার প্রত্যয়ে নীলফামারীর ডিমলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবসমাজের ভূমিকা অপরিসীম। দেশের এই বৃহৎ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বেকারত্ব হ্রাসের পাশাপাশি জাতীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তাঁরা আরও বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা ও আধুনিক প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে যুবকদের কর্মদক্ষতা বাড়াতে হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ ও ঋণসুবিধা কাজে লাগিয়ে তরুণদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণ গ্রহণকারী ও সফল যুবকদের মাঝে যুব ঋণের চেক এবং প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




