গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার সেই সাথে ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ । শুক্রবার (২৪ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। পুলিশ জানায়, গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪, দণ্ডবিধির ৩৯২ ধারায় দায়ের হওয়া একটি ছিনতাই মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আয়াত খান (২৫)কে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার আরিয়ান টেলিকমে অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২০টি অ্যান্ড্রয়েড ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে দোকানের দুই যৌথ মালিক মাসুম মিয়া (৩০) ও রানা (২৮)কে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় আগে থেকেই ১০টি মামলা রয়েছে বলে জানায় ডিবি পুলিশ।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



