নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার হাওরাঞ্চলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ পিস ইয়াবাসহ মো. রাব্বি আহমেদ (২৬) নামের এক যুবককে আটক করেছে লেপসিয়া নৌ-পুলিশ।
আটককৃত যুবক মো. রাব্বি আহমেদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে।
রবিবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার লঞ্চঘাট এলাকায় এই সফল অভিযান পরিচালিত হয়।
নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাওরাঞ্চলের নদীপথ ব্যবহার করে দীর্ঘদিন ধরে চক্র মাদক পাচার ও কেনাবেচা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হরিপদ পালের নেতৃত্বে পুলিশের একটি দল লেপসিয়া ট্রলারঘাট ও লঞ্চঘাট এলাকায় অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে সন্দেহভাজন হিসেবে রাব্বি আহমেদকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ৩৪ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগতজ্যোতি চৌধুরী বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, লেপসিয়া ঘাট এলাকায় মাদক কেনাবেচা হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে ইয়াবাসহ ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদক আইনানুগভাবে জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে খালিয়াজুরী থানায় হস্তান্তর করা হয়েছে।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরউদ্দিন জানান, ‘নৌ-পুলিশের হাতে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আগামিকাল (মঙ্গলবার) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।’
এদিকে, হাওরাঞ্চলে নৌ-পুলিশের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, দুর্গম হাওরাঞ্চলের নদীপথকে ব্যবহার করে মাদক পাচার ও চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত পরিচালনা করা প্রয়োজন। নৌ-পুলিশের এমন তৎপরতা অব্যাহত থাকলে এলাকায় মাদক নিয়ন্ত্রণে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা মনে করছেন।
নৌ-পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীপথে মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পরিবহন ও অন্যান্য অপরাধ দমনে তাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।


