জামালপুর প্রতিনিধি: জামালপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অবহেলিত নয়া কম্পপুর এলাকায় ‘আলহাজ্ব এম এ আজিজ সড়ক’ নামের এক কিলোমিটার দীর্ঘ নতুন সড়কের নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আখতারুজ্জামান আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে, দোয়া ও মাটি কাটার মাধ্যমে সড়কটির নির্মাণকাজের শুভ সূচনা করেন।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর পৌরসভার ১৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি কব্বাত আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম এ আজিজ।
ছাত্রদল নেতা শাহিনুল ইসলাম সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শিউলি আক্তার, স্থানীয় বিএনপি নেতা আব্দুল বাসেত, হাসান আলী, মোহাম্মদ সুলতান মাহমুদ রিপন, মোহাম্মদ সাব্বির হোসেন, ফিরোজ উদ্দিন, মো. আকরাম হোসেন, সাইফুল ইসলাম, মোহাম্মদ দুলাল মিয়া, মজনু মিয়া, মনর উদ্দিন, শরাফত আলী, আবেদ আলী, ইসমাইল হোসেন, সোলেমান ও সালাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে ভোটের আশায় বিভিন্ন জনপ্রতিনিধিরা নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ কথা রাখেনি। ফলে দীর্ঘদিন ধরে জামালপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের নয়া কম্পপুর এলাকার এই সড়কটি চরম অবহেলিত ও বেহাল দশায় পড়েছিল। এতে স্থানীয় গ্রামবাসীকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন এই এক কিলোমিটার সড়কটি নির্মাণের ফলে অবহেলিত এ অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।



