শুক্রবার, অক্টোবর ৯

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা পৌর শহরের প্রাণকেন্দ্রে জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সুপারের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ এলাকার পাশেই প্রকাশ্য দিবালোকে গরু চুরির ঘটনা ঘটেছে। সরকারি কৃষি ফার্ম এলাকা থেকে দিনে-দুপুরে এই চুরির ঘটনা এবং তার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী এস এম মহিদুর রহমান টিপু জানান, অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার বিকেলে তিনি তার গরুটি সরকারি কৃষি ফার্মে ঘাস খাওয়ার জন্য রেখে যান। কিছুক্ষণ পর তিনি পাশের একটি দোকানে চা খেতে যান। চা খাওয়া শেষে ফিরে এসে দেখেন তার গরুটি আর সেখানে নেই।

অনেক খোঁজাখুঁজি করে কোথাও গরুর সন্ধান না পেয়ে তিনি জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের একটি দোকান থেকে সড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। সংগৃহীত ওই ভিডিও ফুটেজে দেখা যায়, সাধারণ পথচারীদের যাতায়াতের মাঝেই এক ব্যক্তি অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে গরু নিয়ে হেঁটে চলে যাচ্ছেন।

গরুটি ফিরে পেতে এবং চোরকে আইনের আওতায় আনতে ভুক্তভোগী মহিদুর রহমান টিপু নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমি আশা করছি পুলিশ দ্রুত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে গরুটি উদ্ধার করবে এবং এর সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করবে।”

শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত বলে বিবেচিত এলাকা থেকে দিনের বেলায় এমন চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দা তানভীর চৌধুরী বলেন, “জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক থেকে দিনের বেলায় এমন চুরির ঘটনা সত্যিই আমাদের জন্য চরম উদ্বেগের। তবে যেহেতু সিসিটিভি ক্যামেরায় ঘটনার দৃশ্য এবং চোরের অবয়ব ধরা পড়েছে, তাই আমরা আশা করছি পুলিশ খুব দ্রুত তাকে শনাক্ত করে আইনের আওতায় আনতে সক্ষম হবে।”

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এখনও এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আমার হাতে এসে পৌঁছায়নি। লিখিত অভিযোগটি পেলেই আমরা গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করে দেখব। সিসিটিভি ফুটেজের সাহায্য নিয়ে জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তারের জন্য সব ধরনের চেষ্টা চালানো হবে।”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version