জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে সামি (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাসকিন (৬) নামের অপর এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের নিখাই গ্রামের মধ্যপাড়ার পেরী বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামি নিখাই গ্রামের সানোয়ার হোসেনের ছেলে এবং আহত তাসকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সামি ও তাসকিনসহ স্থানীয় চার শিশু বাড়ির পাশের পেরী বিলে শাপলা ফুল তুলতে যায়। একপর্যায়ে সামি ও তাসকিন শাপলা তুলতে তুলতে অসাবধানতাবশত বিলের গভীর পানিতে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে সাথে থাকা অপর দুই শিশু চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার অভিযান চালায়। পরে স্থানীয়রা বিল থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সামিকে মৃত ঘোষণা করেন।
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জানান, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু সামির মৃত্যু হয়। অন্য শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ফুটফুটে শিশু সামির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে।


