শুক্রবার, অক্টোবর ৯

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৮ বোতল ভারতীয় মদ এবং একটি মাইক্রোবাসসহ মোঃ আনিসুর রহমান (২১) নামের এক যুবককে আটক করেছে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।

শুক্রবার সকালে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি)। এরআগে, গতকাল (বৃহস্পতিবার) রাতে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। গতকাল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৩ হতে আনুমানিক আটশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের শিকদারপাড়া মোড় নামক স্থানে সন্দেহভাজন একটি মাইক্রোবাসকে থামানো হয়। পরে তল্লাশি চালিয়ে গাড়িটি থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

মাদক পাচারের অভিযোগে ঘটনাস্থল থেকেই মাইক্রোবাসসহ চালক অর্থাৎ কারবারিকে আটক করে বিজিবি। আটককৃত আসামি মো. আনিসুর রহমান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের মো. রমজান আলীর ছেলে।

নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক জানান, আটককৃত আসামিকে জব্দকৃত ভারতীয় মদ এবং ব্যবহৃত মাইক্রোবাসসহ ধোবাউড়া থানায় হস্তান্তর করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version