রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি মিনি পাম্পে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পাম্পটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির ডিমলা বাজারের টিএনটি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
প্রশাসনিক সূত্রে জানা যায়, বৈধ অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জ্বালানি তেল বিক্রির অভিযোগে পাম্পটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর অধীনে পাম্প পরিচালকের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির জানান, জননিরাপত্তা বিঘ্নকারী ও নিয়মবহির্ভূত অবৈধ মিনি পাম্পের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে ডিমলা থানা পুলিশ সহযোগিতা করে।



