শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিবেদক: যৌক্তিক সমালোচনা গণতান্ত্রিক ব্যবস্থার সৌন্দর্য, তবে এর আড়ালে রাষ্ট্রবিরোধী বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মতো অপপ্রচার চালালে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান (বিপিএম-সেবা)।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নেত্রকোনায় জেলা পুলিশ আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নেত্রকোনা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর শুভ উদ্বোধন উপলক্ষে জমকালো এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এবং সভাপতিত্ব করেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

এছাড়াও জেলা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডিএলজি), অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজসহ জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।

আমন্ত্রিত অতিথিবৃন্দ শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার শুভ সূচনা করেন। আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথি মাঠে গিয়ে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সাথে করমর্দন করে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের উৎসাহ প্রদান করেন।

উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিআইজি জাহিদুল হাসান সমসাময়িক বিভিন্ন সামাজিক ও আইনি ইস্যু নিয়ে কথা বলেন। ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বিষয়ে তিনি স্পষ্ট করেন, পুলিশের আইসিটি টিম সার্বক্ষণিক সাইবার স্পেস মনিটর করছে। কোনো গুজব বা অপপ্রচার দেখা মাত্রই ফেক আইডি শনাক্তকরণ, এর উৎস এবং আইপি এড্রেস ট্র্যাক করার মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সরকারের যৌক্তিক সমালোচনা করার কারণে কাউকে হয়রানি বা আটকের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নজিরবিহীন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দল ও সাধারণ মানুষ সরকারের সমালোচনা করবে, ভুল-ত্রুটি ধরিয়ে দেবে এবং সঠিক দিকনির্দেশনা দেবে- এটাই স্বাভাবিক।’

তিনি জোর দিয়ে বলেন, ‘যৌক্তিক সমালোচনার জন্য কাউকে আইনি ব্যবস্থার আওতায় আনার কোনো ঘটনা তার জানা নেই। তবে সমালোচনা যদি রাষ্ট্রদ্রোহীতার পর্যায়ে যায় কিংবা এমন কোনো কর্মকাণ্ড করা হয় যাতে সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক ক্ষতি বা দেশের ইমেজ নষ্ট হয়, তবে রাষ্ট্র সেখান থেকে যৌক্তিক ও কঠোর আইনি পদক্ষেপ নেবে।’

কাবাডি টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য তুলে ধরে ডিআইজি বলেন, ‘তরুণ ও কিশোর সমাজকে অপরাধমূলক কর্মকাণ্ড এবং নেশার মরণ থাবা থেকে দূরে রাখতে এ ধরনের সুস্থ বিনোদনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তৃণমূল পর্যায় থেকে ভালো খেলোয়াড় তৈরি এবং সুস্থ প্রতিযোগিতাকে উৎসাহিত করতে পুলিশের এই উদ্যোগ শুধু কাবাডি নয়, সব ধরনের খেলাধুলার ক্ষেত্রেই বিভিন্ন জায়গায় অব্যাহত থাকবে।’

বর্তমান সময়ের কিশোর অপরাধ বৃদ্ধি প্রসঙ্গে মোহাম্মদ জাহিদুল হাসান মত প্রকাশ করেন, আধুনিক শিল্পায়ন, নগরায়ন, তথ্যপ্রযুক্তির প্রসার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক ব্যবহারের কারণে অপরাধের ধরনেও স্পেশালাইজড পরিবর্তন এসেছে। এর ফলে কিশোর অপরাধের মতো আনুষঙ্গিক অপরাধগুলো বাড়তে পারে। তবে পুলিশ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে এবং যখনই কোনো নতুন ধরনের অপরাধ সংঘটিত হয় বা বৃদ্ধি পায়, পুলিশ তাৎক্ষণিকভাবে তা মোকাবেলায় ব্যবস্থা গ্রহণ করে থাকে।

সুস্থ সমাজ বিনির্মাণে খেলাধুলার প্রসার এবং সাইবার স্পেসে দায়িত্বশীল আচরণের বিষয়ে ডিআইজির এমন বক্তব্য স্থানীয় সুধীমহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version