শনিবার, সেপ্টেম্বর ১৯

নিজস্ব প্রতিবেদক: আগামী দিনের সুন্দর ও নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে মাদকমুক্ত, চাঁদামুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কঠোর অবস্থানে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এসব অভিযানে আন্তর্জাতিক অনলাইন জুয়া ও অর্থপাচার চক্রের মাস্টার এজেন্টসহ দুই সদস্য এবং দেড় কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার বিকেলে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ তৌফিকুল আমিনের নেতৃত্বে ডিবির একটি দল প্রথম অভিযানটি পরিচালনা করে। দীর্ঘদিন ধরে অনলাইনে বেটিং বা জুয়া পরিচালনা এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে এ অভিযানে গ্রেফতার করা হয় আপন মামা ও ভাগ্নিকে।

গ্রেফতারকৃতরা হলেন- বারহাট্টা থানার ইসলামপুর এলাকার মৃত এরশাদুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম ওরফে সজীব (২৯) এবং একই এলাকার আব্দুল গনির মেয়ে মিমরুন নাহার তন্বী (২৪)।

পুলিশ জানায়, আটকের পর তাদের মোবাইল ফোন তল্লাশি করে অনলাইন জুয়া পরিচালনার আইডি, পাসওয়ার্ড ও অসংখ্য আলামত পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মূল হোতা মাজহারুল ইসলাম সজীব জানান, তিনি ২০২২ সালে ‘1xBet’ নামের বেটিং সাইটে সাব-এজেন্ট হিসেবে জুয়া পরিচালনা শুরু করেন। পরবর্তীতে ২০২৪ সাল থেকে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে একজন রাশিয়ান ম্যানেজারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে তিনি ‘মাস্টার এজেন্ট’ হিসেবে পদোন্নতি পান। এরপর থেকে নিজের অধীনে একাধিক সাব-এজেন্ট নিয়োগ দিয়ে তিনি বিশাল জুয়ার নেটওয়ার্ক চালিয়ে আসছিলেন।

1xBet ছাড়াও সজীব ‘MEGA CASINO WORLD’ এবং ‘Coldbet’ এর মতো সাইটে জুয়া পরিচালনা করতেন। অবৈধ লেনদেন ও অর্থপাচারের জন্য তারা management.io এবং mobcash-এর মতো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতেন বলে পুলিশ নিশ্চিত করেছে। গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হতে এমন চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের ধরতে তদন্ত অব্যাহত রয়েছে।

একই দিনে মাদকের বিরুদ্ধে আরেকটি অভিযান পরিচালনা করে নেত্রকোনা ডিবি পুলিশ। এসআই মো. ইউছুব আলীর নেতৃত্বে ডিবির একটি দল পূর্বধলা থানার হিরনপুর বাজার এলাকায় অভিযান চালায়।

গোপন সংবাদের ভিত্তিতে ইসবপুর এলাকায় একটি কার ওয়াশ দোকানের সামনে থেকে দেড় কেজি গাঁজাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- পূর্বধলার ইয়ারং এলাকার স্বপন ভাসফরের ছেলে সেতু ভাসফর নীরব (৩২) এবং ময়মনসিংহের কোতোয়ালি থানার কেওয়াটখালী সুইপার কলোনীর মৃত স্বপন হরিজনের মেয়ে পূজা রানী (২১)।

পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের সুস্পষ্ট নির্দেশনায় জেলাজুড়ে সর্বাত্মক মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। গাঁজাসহ গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাদের জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরাধ দমনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এবং মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে নেত্রকোনা জেলা পুলিশ জননিরাপত্তা নিশ্চিতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version