আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজ্জাজ ইসলাম (লালমিয়া) জনগণের সুবিধার্থে নিজ উদ্যোগে সড়ক সংস্কারের করেছেন। আজ সোমবার (৮ জুন) বিকেলে উপজেলা চত্বরের পাশে অনজিরুননেছা কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সামনের খানাখন্দে ভরা সড়কটি সংস্কারে এগিয়ে আসেন তিনি।
দীর্ঘদিন ধরে ছোট-বড় গর্তে বেহাল হয়ে থাকা এই বাইপাস সড়কে রাবিশ (ইটের খোয়া ও বালু) বিছিয়ে দেন এই তরুণ সমাজসেবক। এতে করে তারাগঞ্জ বাজারগামী হাজারো সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হয়েছে। সরেজমিনে দেখা যায়, সড়কটির ওই অংশের বেহাল দশার কারণে প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াতকারী পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতো।
আজ বিকেলে লালমিয়া নিজেই উপস্থিত থেকে শ্রমিকদের সাথে হাত লাগিয়ে সড়কের গর্তগুলো রাবিশ দিয়ে ভরাট করেন। লাল মিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেছেন। সড়ক দিয়ে যাতায়াতকারী জুলফিকার আলম বলেন, “এই রাস্তাটার কারণে আমাদের বাজারে যাতায়াত করতে খুব কষ্ট হতো। চেয়ারম্যান নির্বাচন তো আরও পরে, কিন্তু লালমিয়া ভাই ভোটের আগেই যেভাবে সাধারণ মানুষের কষ্টের কথা চিন্তা করে রাস্তাটা চলাচলের যোগ্য করে দিলেন, তা সত্যিই প্রশংসনীয়।” রাজনৈতিক মহলে লালমিয়ার একটি বড় শক্তি ও অনুপ্রেরণার উৎস তার পরিবার।
তার পিতা আব্দুর রশিদ কুর্শা ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য। বাবাকেই নিজের রাজনৈতিক গুরু মেনে এবং তার দেখানো আদর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে লালমিয়া এবারই প্রথমবার চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনী লড়াইয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও বাবার দীর্ঘদিনের অভিজ্ঞতা আগামী নির্বাচনে তার জন্য একটি বাড়তি সুবিধা হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে হাজ্জাজ ইসলাম (লাল মিয়া) বলেন, “আমাদের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নে এখনো অনেক নাগরিক সমস্যা রয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি আন্তরিকভাবে কাজ করেন, তবে এসব সমস্যা দূর করা অনেকাংশেই সম্ভব। বাবার রাজনৈতিক দূরদর্শিতা ও মানুষের সেবা করার মানসিকতা আমাকে সবসময় জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করে।
আমি মূলত এলাকার তরুণ সমাজ বা ‘ইয়ুথ’দের সাথে নিয়ে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়তে চাই।” তিনি আরও জানান, তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের প্রকৃত ও দীর্ঘমেয়াদী সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর স্থায়ী সমাধান করাই তার মূল লক্ষ্য। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করতে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।



