জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়দের কড়া প্রতিরোধের মুখে ওই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করাতে ব্যর্থ হয়েছে তারা। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকও কোনো সুরাহা ছাড়াই শেষ হয়েছে। বর্তমানে ওই ব্যক্তি শূন্য রেখায় আটকে আছেন এবং সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, বুধবার ভোর ৫টার দিকে রামরামপুর সীমান্তে ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্য ও স্থানীয় এলাকাবাসী শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। তীব্র বাধার মুখে বিএসএফ পিছু হঠতে বাধ্য হয় এবং ওই বৃদ্ধ বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো পয়েন্ট বা ‘নো ম্যানস ল্যান্ডে’ আটকা পড়েন।

এ ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকেই দুই বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এর সুরাহার লক্ষ্যে সকাল সাড়ে ১০টায় নো ম্যানস ল্যান্ডে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় ৩০ মিনিট ধরে চলা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক এবং ভারতের পক্ষে উপস্থিত ছিলেন নন্দীরচর বিএসএফ ক্যাম্পের পরিদর্শক।

বৈঠকে বিজিবির পক্ষ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং ওই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়। তবে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত নিতে অস্বীকৃতি জানায় এবং কোনো প্রকার সমাধান ছাড়াই তাকে নো ম্যানস ল্যান্ডে রেখেই বৈঠকস্থল ত্যাগ করে।

পতাকা বৈঠক ব্যর্থ হওয়ার পর রামরামপুর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএসএফ বারবার ওই ব্যক্তিকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে বিজিবি ও স্থানীয় জনতার কড়া পাহারার কারণে তিনি ঢুকতে পারছেন না এবং প্রতিরোধের মুখে বারবার পিছু ফিরে যাচ্ছেন।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সকালে এক ব্যক্তিকে ভারত থেকে শূন্য রেখায় ঠেলে পাঠায় বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে তারা বদ্ধপরিকর। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সীমান্তে সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।

বর্তমানে রামরামপুর সীমান্তে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি টহল জোরদার করেছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, ওই ব্যক্তি এখনও নো ম্যানস ল্যান্ডেই আটকে আছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version