শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নাশকতা, বিস্ফোরক দ্রব্য ব্যবহার, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুজ্জামান ওরফে খোকনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ভোররাতে উপজেলার পোগলা ইউনিয়নের পাবই মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে দুপুরে তাকে নেত্রকোনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
আদালতে দাখিল করা পুলিশের প্রতিবেদন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ জানুয়ারি কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মীকে সঙ্গে নিয়ে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হয়।
অভিযোগ রয়েছে, ওইদিন রাষ্ট্রবিরোধী স্লোগান ও মিছিল বের করার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সঙ্গে স্থানীয় ব্যবসায়ী সামছুলের একটি ফার্নিচারের দোকানে হামলা, ভাঙচুর এবং ব্যাপক মালামাল লুটপাটের ঘটনা ঘটে। কলমাকান্দা থানায় দায়ের করা নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তাহের জানান, প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রফিকুজ্জামান খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়েছে।”
অন্যদিকে, গ্রেপ্তারকৃত মো. রফিকুজ্জামান ওরফে খোকনের পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।
এক প্রতিক্রিয়ায় তারা দাবি করেন, খোকনের বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তাকে মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি করার জন্যই মামলায় জড়ানো হয়েছে। পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।
উল্লেখ্য, মো. রফিকুজ্জামান ওরফে খোকন কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একজন প্রভাবশালী নেতা ছিলেন। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



