নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় আসমা বাজারে সরকারি চাল অবৈধভাবে ক্রয়, পুনরায় প্যাকেটজাত এবং মজুত করার অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ব্যবসায়ীর গুদাম থেকে ২৫ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।

সোমবার (০১ জুন) বিকেল ৫টার দিকে অভিযান পরিচালনা করেন বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজেদুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আসমা বাজারের ব্যবসায়ী কাশেম দীর্ঘদিন ধরে অবৈধভাবে খাদ্য অধিদপ্তরের সরকারি চাল ক্রয় করে আসছিলেন। পরবর্তীতে তিনি সেই চালের বস্তা পরিবর্তন করে নতুন করে প্যাকেটজাত করে নিজের গুদামে মজুত করতেন এবং বেশি দামে বাজারে বিক্রি করতেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে আসমা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

অভিযানকালে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় ‘খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপনন (ক্ষতিকর কার্য প্রতিরোধ) আইন ২০২৩’ অনুযায়ী ব্যবসায়ী কাশেমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে অবৈধভাবে মজুতকৃত ২৫ বস্তা চাল জব্দ করে রাষ্ট্রায়ত্ত করা হয়।

এ বিষয়ে বারহাট্টা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম জানান, “জনস্বার্থে এবং অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। খাদ্যদ্রব্য নিয়ে কেউ কোনো প্রকার অনিয়ম বা মজুতদারির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

অভিযান পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জন সাধারণ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version