শেখ শামীম: নেত্রকোনার পূর্বধলা ও কলমাকান্দা উপজেলায় থানা পুলিশের অভিযানে পৃথক দুটি স্থান থেকে দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পূর্বধলায় ইয়াবাসহ একজনকে এবং কলমাকান্দায় পুলিশের তাড়া খেয়ে নদী-বিল সাঁতরে পালানোর চেষ্টাকালে অপর এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে যথাক্রমে বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জেলা পুলিশের মাদক বিরোধী নির্দেশনার অংশ হিসেবে পূর্বধলা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ রনি চন্দ্র দাস (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রনি পূর্বধলা উপজেলার জামতলা এলাকার রতি চন্দ্র দাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পূর্বধলা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে রনি চন্দ্র দাসের হেফাজত থেকে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় পূর্বধলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ (রবিবার) দুপুরের দিকে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এদিকে, জেলার কলমাকান্দা উপজেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিল ও নদী সাঁতরে দীর্ঘ এক কিলোমিটার পথ পাড়ি দিয়েও শেষ রক্ষা হয়নি আব্দুল সাত্তার নামে এক মাদক ব্যবসায়ীর। উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা উলুকান্দা এলাকায় নাটকীয় গ্রেফতারের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কলমাকান্দা থানার এসআই নূর আলম ও এএসআই সুমন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ওই এলাকায় বিশেষ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তার নিজ বাড়ি থেকে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে তিনি সামনের নদী ও বিল সাঁতরে প্রায় এক কিলোমিটার দূরে চলে যান এবং কামাল মেম্বারের বাড়ির পেছনের নদীতে আত্মগোপন করেন।
খবর পেয়ে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম নিজে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং পুলিশ সদস্যদের নিয়ে ধাওয়া অভিযান পরিচালনা করেন। দীর্ঘ নাটকীয় চেষ্টার পর পুলিশ নদী থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
কলমাকান্দা থানার ওসি জানান, আটককৃত আব্দুল সাত্তারের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদক ব্যবসায়ী আব্দুল সাত্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেন তিনি।


