সোমবার, সেপ্টেম্বর ১৪

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি বাতিল এবং ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর চলমান নির্যাতনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নেত্রকোনা। শুক্রবার (১৫ মে) বাদ জুমা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এদিন, জুমার নামাজের পর শহরের বড় বাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শত শত নেতাকর্মী ও সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নেত্রকোনা প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘দুনিয়ার মুসলিম এক হও, লড়াই করো’ এবং ‘দেশবিরোধী চুক্তি মানি না, মানব না’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

নেত্রকোনা জেলা জমিয়তের সভাপতি মুফতি তাহের কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ আবুল কাশেম।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আফযাল হুসাইন রাহমানী। তিনি বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বাণিজ্য চুক্তির কথা বলা হচ্ছে, তা দেশের সার্বভৌমত্ব ও স্বার্থের পরিপন্থী। এদেশের তৌহিদী জনতা দেশবিরোধী কোনো চুক্তি মেনে নেবে না। অবিলম্বে কালো এই চুক্তি বাতিল করতে হবে।”

বক্তারা ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর কথিত নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “প্রতিবেশী দেশে মুসলিম ভাইদের ওপর যে জুলুম-নির্যাতন চলছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। বিশ্ব মুসলিমকে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ কাসেমী, এবিএম আব্দুল হাদী, সাধারণ সম্পাদক মাওলানা মফিজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আনোয়ার হুসাইন, মাওলানা হারুনুর রশীদ ফারুকী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন নগরী, মুফতি জহিরুল ইসলাম এবং আতাউর রহমান ফারুকী।

এছাড়াও যুবনেতা মাওলানা মোফাজ্জল হুসাইন, ইব্রাহিম খলিল হাবিবি এবং ছাত্রনেতা মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি অবিলম্বে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করা না হয় এবং পশ্চিমবঙ্গে মুসলিম নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version