জামালপুর প্রতিনিধি: জামালপুরে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং সমন্বিত ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ ও কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জামালপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও সফলতার চিত্র তুলে ধরা হয়। জেলা প্রশাসক জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে। প্রতিটি সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সরকারের বিশেষ প্রকল্পের আওতায় ইসলামপুর, মাদারগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ইতোমধ্যে ১২ কিলোমিটার দীর্ঘ খাল খনন সম্পন্ন হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট অঞ্চলের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এছাড়া কৃষি খাতের উন্নয়নে তিন হাজার ২৬৬টি নতুন কৃষি কার্ড বিতরণ করা হয়েছে। সহজ শর্তে কৃষিঋণ বিতরণ নিশ্চিত করার পাশাপাশি খেলাপি কৃষিঋণ মওকুফের মাধ্যমে কৃষকদের আর্থিক সুরক্ষা দেওয়ার বিষয়টিও গুরুত্বের সাথে আলোচনায় আসে।

কৃষির পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্য সেবার মানোন্নয়নে প্রশাসনের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন বক্তারা। স্বাস্থ্যসেবা জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে সমন্বিত ফ্যামিলি কার্ডের কার্যকর ব্যবহারের ওপর জোর দেওয়া হয়। এছাড়া পরিবেশ রক্ষায় জেলায় ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনার কথাও জানানো হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. আজিজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম এবং জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version