ফজলে এলাহী মাকাম: জামালপুরের ইসলামপুরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণের মামলায় তিন যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে মামলার অপর এক আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকার আব্দুস সোবহানের ছেলে শিপন (২১), একই এলাকার সিদ্দিক মোল্লার ছেলে ইব্রাহিম (২৭) ও আরমান আলীর ছেলে ইউসুফ আলী (২২)।

মৃত্যুদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুেই লাখ টাকা করে অর্থদণ্ড প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় একই এলাকার মুনতাজের ছেলে মো. সাদিককে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক জানান, ভুক্তভোগী কিশোরীর সাথে সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে সাদিক ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের একটি ক্ষেতে ডেকে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে।

এ সময় পূর্বপরিকল্পিতভাবে সেখানে ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ উপস্থিত হলে সাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে শিপন, ইব্রাহিম ও ইউসুফ ঘটনাটি জানাজানি করার ভয় দেখিয়ে ওই কিশোরীকে পালাক্রমে দলবদ্ধভাবে ধর্ষণ করে। ধর্ষণের পর তারা কিশোরীকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে।

ঘটনার পর ২০২৪ সালের ৫ মে ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় সাদিকসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এ মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও উল্লেখ করেন, মামলার বিচারিক প্রক্রিয়ায় নির্যাতনের শিকার কিশোরী আদালতে জবানবন্দি দেয়, সাদিকের সাথে তার শারীরিক সম্পর্ক পারস্পরিক সম্মতির ভিত্তিতে হয়েছিল। কিশোরীর এ জবানবন্দির প্রেক্ষিতে আদালত সাদিককে খালাস প্রদান করেন। তবে শিপন, ইব্রাহিম ও ইউসুফের বিরুদ্ধে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করা হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুল হক বলেন, “এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি সমাজে অপরাধীদের জন্য একটি কড়া বার্তা হিসেবে কাজ করবে।”

মামলায় রাষ্ট্রপক্ষে আরও ছিলেন অ্যাডভোকেট রোজীনা আক্তার। অন্যদিকে, আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, রাফিউর রহমান ও আজিজুল হক। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে কড়া পুলিশি পাহারায় তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version