জামালপুর প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি গবেষক জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে এসে পৌঁছেছে।
সোমবার (৪ মে) বিকেল সোয়া ৩টায় তার মরদেহ মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের লালডোবা গ্রামে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। আজ মাগরিবের নামাজের পর পারিবারিক গোরস্থানে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
নিহত লিমনের চাচা সুজন আহমেদ জানান, আজ সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তার বাবা-মা ও আত্মীয়স্বজনরা মরদেহ গ্রহণ করেন। বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা শেষে বিকেলে মরদেহ লালডোবা গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।
সুজন আহমেদ আরও জানান, মাগরিবের পর নিজ বাড়ির আঙিনায় লিমনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাদের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। ইতোমধ্যে জানাজা ও দাফনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
মেধাবী এই তরুণের বিদায়বেলায় শেষ শ্রদ্ধা জানাতে বাড়িতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর ঢল নেমেছে। ঢাকা থেকে শুরু করে বিভিন্ন স্থান থেকে মানুষ তার জানাজায় অংশ নিতে গ্রামে ছুটে এসেছেন।
গ্রামবাসীর সাথে কথা বলে জানা যায়, লিমনের বাবা জহুরুল হক ১৯৯৪ সালে সপরিবারে ঢাকায় পাড়ি জমান। তিনি সেখানে একটি টেক্সটাইল কারখানায় চাকরি করেন। ঢাকায় বসবাস করলেও নাড়ির টানে মাঝে মাঝেই তারা গ্রামে আসতেন। লিমনের মতো একজন সম্ভাবনাময় তরুণের অকাল ও নির্মম মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
জামিল আহমেদ লিমন ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। তার শিক্ষাজীবনের উল্লেখযোগ্য দিকগুলো হলো- ২০১৪ সালে গাজীপুরের মাওনা মডেল হাইস্কুল থেকে এসএসসি উত্তীর্ণ হন। ২০১৬ সালে ঢাকার বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে এইচএসসি কৃতিত্বের সাথে পাস করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পন্ন করেন।
পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভর্তি হন। সেখানে তিনি ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতিমালা বিষয়ে পিএইচডি অধ্যয়নরত ছিলেন।
গত ২৪ এপ্রিল আমেরিকার ফ্লোরিডার ট্যাম্পা এলাকার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড সেতু এলাকা থেকে লিমনের খণ্ডিত দেহাবশেষ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে লিমনের সাবেক রুমমেট ও মার্কিন নাগরিক হিশাম আবুগার বিয়েহকে (২৬) গ্রেপ্তার করেছে হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। বিদেশের মাটিতে লিমনের এমন করুণ মৃত্যুতে দেশজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

