নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের তেরী বাজার (উকিলপাড়া) এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে চিহ্নিত মাদক কারবারি রঞ্জিত সরকার (৫৯) পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে। এরআগে, এদিন সকালে এই অভিযান চালানো হয়।
ডিএনসি নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত নেত্রকোনা পৌরসভার তেরী বাজার উকিলপাড়া এলাকায় একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। অভিযানটি চালানো হয় আসামি রঞ্জিত সরকারের দখলীয় উত্তর দুয়ারি টিন ও কাঠের তৈরি দ্বিতল বসতঘরে। ওই ঘরের দোতলায় তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যগুলো উদ্ধার করতে সক্ষম হন অধিদপ্তরের আভিযানিক দলের সদস্যরা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অত্যন্ত সুকৌশলে গাঁজাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। তল্লাশিকালে সাদা রঙের প্লাস্টিকের বালতির ভেতর থেকে মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলো প্রথমে আকাশী রঙের পলিথিন এবং তার ওপর খাঁকি রঙের স্কচটেপ দিয়ে মুড়িয়ে রাখা ছিল। ওজন করে সেখানে দুই কেজি গাঁজা পাওয়া যায়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৬০ হাজার টাকা।
অভিযানের সময় পালিয়ে যাওয়া আসামি রঞ্জিত সরকার নেত্রকোনা সদর থানাধীন তেরী বাজার (উকিলপাড়া) এলাকার মৃত ধরণী কান্ত সরকার ও মাতা গৌরী রানী সরকারের ছেলে। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

