স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ কর্মসূচি গতকাল থেকে শুরু হয়েছে। জেলায় ৩ লাখ ৩৫ হাজার ৩৪৫ হাম-রুবেলার জরুরি টিকাদান কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ। হাম ও রুবেলা রোগ নির্মূলের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সুনামগঞ্জ জেলায় শুরু হয়েছে টিকাদান ক্যাম্পেইন।
আজ সোমবার সকালে সুনামগঞ্জ সিভিল সার্জনের উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভার ইপিআই স্থায়ী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পৗর প্রশাসক অসীম চন্দ্র বণিক, সদর এর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.যশোবন্ত ভট্টাচার্য, নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (এমও) ডা.রাজেশ সিংহ মিথুন, পৌরসভার মেডিকেল অফিসার ডা.শতাব্দী ভট্টাচার্য, জেলা ইপিয়াই সুপার জসিম উদ্দিন শাহ, এমএনসিএইচ অফিসার (ইউনিসেফ) ডা. তানভীর সজীব।
এ সময় বক্তারা বলেন-দেশব্যাপী হাম-রুবেলা নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে সুনামগঞ্জে এই বিশেষ ক্যাম্পেইন হাতে নেওয়া হয়েছে। টিকাদান কার্যক্রম সফল করতে জেলাজুড়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে স্বাস্থ্য বিভাগ। শিশুদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান ।
উল্লেখ্য, সদর উপজেলার ২৫০ শয্যা হাসপাতালসহ ১১টি স্থায়ী কেন্দ্রের পাশাপাশি ২ হাজার ১৬৬টি অস্থায়ী কেন্দ্রে টিকা প্রদান করা হবে।টিকাদান কার্যক্রমে ২৭৮ জন টিকাদানকারী ও ৫৪৫ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। জেলার ২৭৩টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে
